আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ১১টা থেকে পরবর্তী তিন ঘণ্টার পূর্বাভাসে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, এ সময় নৌযান চলাচলে সাবধানতা অবলম্বন করতে হবে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কৃষি বিভাগ থেকে কৃষকদের পাকা ধান দ্রুত ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। শহরাঞ্চলে জলাবদ্ধতা এড়াতে সিটি করপোরেশনগুলোও প্রস্তুতি নিচ্ছে।