কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুনের পরিবারকে ঘিরে আবারও নতুন করে আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার মামুনের মা অভিযোগ করেছেন, পুত্রবধূ আতকিয়া ফাইজা মোহনা ও তার সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে তিনি মারধরের শিকার হয়েছেন এবং তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে।

ঘটনার পর গভীর রাতে প্রিন্স মামুনের সাবেক সঙ্গী লায়লা আখতার তাকে হাসপাতালে নিয়ে যান বলে জানিয়েছেন লায়লা নিজেই। হাসপাতালে চিকিৎসকরা মামুনের মায়ের হাতে ব্যান্ডেজ করেন। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতেও লায়লাকে তার পাশে থাকতে দেখা যায়।

প্রক্সিমা নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে লায়লা বলেন, তিনি পুরো ঘটনার বিস্তারিত জানেন না এবং এ নিয়ে কোনো পক্ষের হয়ে কথা বলতেও চান না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনের মাকে অসুস্থ অবস্থায় সাহায্য চাইতে দেখে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

তার ভাষ্য, একজন অসুস্থ মানুষ সাহায্য চাইছেন—এটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।

লায়লা আরও বলেন, অতীতে প্রিন্স মামুনের সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ এবং মারধরের অভিযোগ থাকলেও মামুনের মা বিভিন্ন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন। সেই কারণেই বিপদের সময় তাকে একা ফেলে রাখতে পারেননি।

হাসপাতালে প্রক্সিমা নিউজের ক্যামেরার সামনে মামুনের মা দাবি করেন, নিজের ঘরেই তিনি মারধরের শিকার হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, মোহনা ও ‘লিখন’ নামে একজনের কারণে পারিবারিক পরিস্থিতি আরও জটিল হয়েছে। নিজের হাতে যত্ন করে সাজানো বাসা থেকে বের হয়ে আসার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

ঘটনার পর গভীর রাতে হাসপাতালে সরেজমিনে উপস্থিত ছিলেন প্রক্সিমা নিউজের প্রতিবেদক। তবে এসব অভিযোগের বিষয়ে মোহনা কিংবা সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে গত জুলাইয়ে মোহনা উল্টো প্রিন্স মামুনের বিরুদ্ধে এক কোটি টাকা যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলায় মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে আগস্টে তিনি দুটি মামলায় জামিন পান।

অন্যদিকে, প্রিন্স মামুন ও লায়লার সম্পর্কও দীর্ঘদিন ধরে বিতর্ক ও আইনি লড়াইয়ের মধ্যে রয়েছে। লায়লা এর আগে মামুনের বিরুদ্ধে মারধরসহ একাধিক অভিযোগ ও মামলা করেছিলেন।

বর্তমান ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বিষয়—পুরোনো সম্পর্ক ও বিরোধ থাকা সত্ত্বেও গভীর রাতে প্রিন্স মামুনের মায়ের পাশে দাঁড়িয়েছেন লায়লা।